ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটসহ দেশের বন্যা কবলিত জেলাগুলোর জন্য সরকার এ পর্যন্ত দুই কোটি ৬৫ লাখ টাকা ও সাত হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে শনিবার পর্যন্ত এই সহায়তা দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর মধ্যে শনিবারও চট্টগ্রাম জেলার দুর্গতদের জন্য ১৫ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল এবং কক্সবাজার জেলায় ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট ৫৫ লাখ টাকা ও ৯০০ মেট্রিক টন চাল এবং কক্সবাজার জেলায় ৩০ লাখ টাকা ও ৬৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া বান্দরবানে ১০ লাখ টাকা, সিলেটে ২০ লাখ টাকা ও ৫৫০ টন চাল, কুড়িগ্রামে ১৫ লাখ টাকা ও ৬৫০ টন চাল, সিরাজগঞ্জে ১০ লাখ টাকা ও ৩০০ টন চাল, সুনামগঞ্জে দুই লাখ টাকা, লালমনিরহাটে ৫০ টন চাল, গাইবান্ধায় ১৩ লাখ টাকা ও ৩০০ টন চাল, বগুড়ায় তিন লাখ টাকা ও ২০০ টন চাল, জামালপুরে ১০ লাখ টাকা ও ৫০০ টন চাল ও ফেনীতে পাঁচ লাখ টাকা ও ৫০ টন চাল দেওয়া হয়েছে।
সা¤প্রতিক অতি বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে দেশে এ বন্যা পরিস্থিতি দেখা দেয়। এ পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সা¤প্রতিক অতি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি, পাহাড় ধস, বজ্রপাত ও পানিতে ডুবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে শনিবার পর্যন্ত ১২১ জনের লাশ উদ্ধার করা হয়।
এর মধ্যে চট্টগ্রামে ৩৫ জন, কক্সবাজারে ৪৭ জন, বান্দরবানে ৩৭ জন এবং সিলেটে দুইজনের লাশ উদ্ধার হয়। এসব জেলায় উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
নিহতদের লাশের সৎকারের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে সরকার।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটের প্লাবিত এলাকার পানি নেমে যেতে শুরু করেছে। এতে পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে ।
বান্দরবানের ১৯টি আশ্রয়কেন্দ্রে দুই হাজার ৫০০ এবং কক্সবাজার জেলার ১৩৭টি আশ্রয়কেন্দ্রে ৫৮ হাজার লোক আশ্রয় নিয়েছিল।
দেশের বিভিন্ন জেলার অতিবর্ষণ, পাহাড়ী ঢল ও বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৩৫ ঘ.
bdnews24