২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার্থী কেন্দ্রে, উত্তর লেখার কাজ বাইরে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলার সময় খাতা কেন্দ্রের বাইরে এনে তাতে উত্তর লেখার অভিযোগে শেরপুরে এক শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

শেরপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলার সময় খাতা কেন্দ্রের বাইরে এনে তাতে উত্তর লেখার অভিযোগে শেরপুরে এক শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, স্থানীয় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, পরীক্ষার্থী আয়শা সিদ্দিকা এবং তার বোন রাবেয়া সুলতানা শম্পা ও ভগ্নিপতি লাল মিয়া। শুক্রবার বেলা ১২টার দিকে শেরপুর শহরের মাধবপুর এলাকায় শিক্ষক ইয়াকুব আলীর বাসা থেকে ইয়াকুব, শম্পা ও লাল মিয়াকে এবং পরীক্ষা শেষে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে আয়শাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র ও বই উদ্ধার করা হয় বলে জানান তিনি। মো. নজরুল ইসলাম বলেন, আয়শা শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টাডি সেন্টার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। কৌশলে প্রশ্ন ও উত্তরপত্র পরীক্ষার হল থেকে বের করে এনে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর বাসায় তার ছোট বোন শম্পাকে দিয়ে উত্তরপত্র লেখানো হচ্ছিল। পরীক্ষা শেষে বাইরে থেকে তৈরি করা উত্তরপত্র ওই শিক্ষক পরীক্ষার কেন্দ্রে জমা দিতেন। আয়শা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকার বিনিময়ে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করার বিষয়ে ইয়াকুব আলীর সঙ্গে তাদের চুক্তি হয়েছে। পরীক্ষার পর তাকে টাকা দেওয়ার কথা। তবে কত টাকার চুক্তি হয়েছে আয়েশা তা বলেনি। উত্তরপত্র লেখার কাজে নিয়োজিত শম্পা বলেন, “আমাকে উত্তরপত্র দিয়ে তাতে প্রশ্নের উত্তর লিখতে বলা হয়। এজন্য বইয়ের পাতা ছিঁড়ে এনে দেওয়া হয়। এর বেশি কিছু বলতে পারবো না।” তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, “এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি বাসার বাইরে ছিলাম। আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।” এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান বলেন, “পরীক্ষায় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার নামে একটি বিশেষ মহল দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হবে।” এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু মিয়া বাদি হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/এসইউ/২১১৮ ঘ.