২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লীকবির আসমানীর অবস্থা সঙ্কটাপন্ন

পল্লীকবি জসীম উদদীনের ‘আসমানী’ কবিতার চরিত্র আসমানী বেগমের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লীকবি জসীম উদদীনের ‘আসমানী’ কবিতার চরিত্র আসমানী বেগমের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আসমানীকে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডি ব্লকের দ্বিতীয় তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। শুক্রবার বিকেলে ক্লিনিকাল কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সজল ব্যাণার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আসমানীর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। স্ট্রোক হয়েছে। হার্টে সমস্যা, আর দুটো কিডনিও অকেজো।” আসমানীর চিকিৎসার সমস্ত ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি। এর আগে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সন্ধ্যায় আসমানীকে দেখতে যান। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস দেন। আসমানীর নাতনি মোছাম্মৎ রাবেয়া বেগম জানান, “উনি এখানে ভালো চিকিৎসা পাচ্ছেন। আমাদের কোনো ধরনের খরচ বহন করতে হচ্ছে না।” বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত পল্লীকবির এই আসমানী গত শনিবার ফরিদপুর সদরের রসুলপুর গ্রামের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরদিন সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসমানীর অবস্থার অবনতি হওয়ায় বুধবার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এএইচএ/এমএমআর/এসইউ/২০০৬ ঘ.