২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে সাংবাদিকদের ঢুকতে মানা

বৃহস্পতিবার ঢুকতে বাধা দেওয়ার পর দুদক কর্মকর্তারা বলেছেন, একমাত্র ডাকা হলেই সাংবাদিকরা ভেতরে যেতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের ঢুকতে মানা করেছে। কর্মকর্তারা বলেছেন, একমাত্র ডাকা হলেই সাংবাদিকরা ঢুকতে পারবেন। পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্ত নিয়ে বেশ কয়েকটি সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদনের তথ্যনির্ভরতা নিয়ে দুদক চেয়ারম্যান প্রশ্ন তোলার পর এই পদক্ষেপ নেওয়া হল। অন্যদিনের মতো সাংবাদিকরা বৃহস্পতিবার সকালে কমিশনের সামনে সংবাদ সংগ্রহের জন্য জড়ো হলে তাদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়নি নিরাপত্তাকর্মীরা। দুপুরের দিকে সাংবাদিকরা কার্যালয়ের মূল ফটকের ভেতরে ঢুকে পড়লেও নিরাপত্তা কর্মীরা তাদের সরিয়ে দেন। পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এসে একটি বিজ্ঞপ্তি সাংবাদিকদের পড়ে শোনান। তিনি বলেন, “আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, কেবল কমিশন ডাকলেই আপনারা অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন। অন্যথায় প্রবেশের কোনো সুযোগ নেই।” কমিশনের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের যাওয়া-আসায় কোনো বাধা না এলেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তখনকার চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীও এক্ষেত্রে সাময়িক বিধি-নিষেধ আরোপ করেন। এরপর গত ২৯ এপ্রিল অনুমতি ছাড়া কোনো তথ্য গণমাধ্যমকর্মীদের না দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। জনসংযোগ কর্মকর্তা প্রণব বলেন, “আপনারা কোনো তথ্য চাইলে অফিস চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে ১০টার মধ্যে কমিশনের বাইরের গেট থেকে আমি নিয়ে যাব এবং নীতিমালার আলোকে তা বিকাল ৪টায় সরবরাহ করব।” এ বিষয়ে জানতে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের টেলিফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। কমিশনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদক কি তাদের নীতিমালা বাস্তবায়নের জন্য এটা করছে, না বিশেষ কোনো চাপ বা পরিস্থিতির প্রেক্ষিতে করছে, তা দেখতে হবে?” তার ধারণা, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশের সঙ্গে এর যোগসূত্র রয়েছে। ইফতেখার বলেন, “দুদক বলছে, তদন্ত চলাকালে অভিযুক্ত সম্পর্কে তথ্য দেওয়া যাবে না। তবে অভিযুক্তদের নামটা দিতে তো সমস্যা দেখছি না। কারণ অভিযুক্ত হলেই একজন ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হবেন, তা তো না।” তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত হবে না বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২১৫৭ ঘ.