নারায়ণগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে চট্টগ্রামের এক ব্যবসায়ী পরিবার ছিনতাইয়ের শিকার হয়েছে। এ সময় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে তারা।
বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের(সংযোগ সড়ক) জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ১০১ সিরাজদৌল্লাহ সড়ক এলাকার ব্যবসায়ী সঞ্জয় ঘোষ, তার স্ত্রী অপু ঘোষ ও মেয়ে অন্বেষা ঘোষকে নিয়ে আত্মীয়ের বাড়ির বেড়াতে নারায়ণগঞ্জ আসেন। সানইবোর্ড এলাকায় বাস থেকে নামার পর তারা একটি প্রাইভেটকার ভাড়া করেন।
এ সময় প্রাইভেটকারের চালকের সঙ্গে আরো একজন ছিলেন।
প্রাইভেটকারটি সাইনবোর্ড থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক দিয়ে ফতুল্লার জালুকড়ি এলাকায় পৌঁছালে চালকের সঙ্গে থাকা লোকটি সঞ্জয় ঘোষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে তাকে নামিয়ে দেয়। পরে তার স্ত্রী ও মেয়ের কাছ থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও কাপড়ের ব্যাগ কেড়ে নিয়ে নেয়।
ওসি আব্দুল মতিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ছিনতাই হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারে চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩১ ঘ.
bdnews24