নিউ ইয়র্ক, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার ‘যথাযথ নিয়ম না মানার’ কারণ দেখিয়ে সাংসদ পদ থেকে তানজিম আহমেদ সোহেল তাজের ইস্তফাপত্র গ্রহণ না করলেও নতুন করে পদত্যাগপত্র দেবেন না বলে জানিয়েছেন এই আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৩ বছর আগে প্রতিমন্ত্রিত্ব ছেড়েছি। দু’মাস আগে পদত্যাগপত্র দিয়েছি জাতীয় সংসদ থেকে। নতুন করে পদত্যাগপত্র প্রদানের প্রশ্নই ওঠে না।”
তবে অসুস্থ মাকে দেখতে জুলাই মাসে দেশে আসতে পারেন বলে জানান তানজিম।
“সে সময় হয়তো মাননীয় স্পিকারের সঙ্গে সাক্ষাতও হতে পারে”, যোগ করেন তিনি।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে সে সময় রাষ্ট্রপতি তা ‘গ্রহণ করেননি’ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এর তিন বছরের মাথায় গত ২৩ এপ্রিল সংসদ সদস্যপদ ছাড়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান তানজিম।
সংসদ সদস্যের প্যাডে লেখা ওই পত্রে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করা না হলেও একই দিনে নিজের নির্বাচনী এলাকা কাপাসিয়ার কর্মী-সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লেখেন তিনি। এতে তিনি বলেন, অনেক ‘চিন্তা-ভাবনা’ করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এর কারণ ‘খুলে বলা’ তার পক্ষে সম্ভব নয়।
এরপর ৯ মে স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, যথাযথ নিয়ম না মানায় সংসদ সদস্যপদ থেকে তানজিম আহমেদ সোহেল তাজের ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি।
“পদত্যাগপত্র নিজ হাতে লেখা হতে হয়। কিন্তু সোহেল তাজের পদত্যাগপত্র টাইপ করা। এছাড়া দুই ধরনের কালি ব্যবহার করে লেখা পদত্যাগপত্রের স্বাক্ষর ও তারিখ একই হাতে লেখা বলে মনে হয় না,” বলেন স্পিকার।
পদত্যাগপত্রটি সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারে যথাযথভাবে লেখা হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে ‘যথা নিয়মে’ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নতুন করে পত্র দিলে ‘সংবিধানের ওপর ভিত্তি করে’ অবশ্যই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.
bdnews24