২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজে হামলায় গ্রেপ্তার একজনের জামিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার একজনকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার একজনকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ১০ হাজার টাকার মুচলেকায় ইলিয়াস মাস্টার সুমন নামে ওই ব্যক্তিকে জামিন দেন। গত ২৮ মে রাতে মহাখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে হামলার ২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। ইলিয়াসের জামিনের আবেদনে শুনানি করেন অ্যাডভোকেট সোহেল রানা চৌধুরী। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার। ২৮ মে সন্ত্রাসীদের হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিক এবং এক অফিসকর্মী ছুরিকাঘাতের স্বীকার হন। হামলার ২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াস ছাড়াও জাহেদুল ইসলাম সৌরভ ও মীর হোসেন নামে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সৌরভ হামলার কথা স্বীকার করেন। তবে ইলিয়াস ও মীর হোসেন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। ওই তিনজনের পর গত ৩০ মে সাভারে অভিযান চালিয়ে ইমরান ও ইয়াহিয়া নামে দুই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব। মহাখালী এলাকার বাসিন্দা এই দুই যুবক হামলায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৭০০ ঘ.