২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পানি নামেনি, ত্রাণ যায়নি এখনও

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

কুড়িগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। বৃহস্পতিবারও ব্রহ্মপুত্রে পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার। পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীতে পানি বাড়লেও তা বিপদসীমার সামান্য নিচে রয়েছে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনো কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। বন্যার্তদের সহায়তার জন্য ৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঢাকায় বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারী বর্ষণ ও উজানের নেমে আসা ঢলে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সব ক’টি নদীর পানি বাড়ছে। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়িগ্রাম সদর, চিলমারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, রাজারহাট ও উলিপুর উপজেলার দুই শতাধিক চর, দ্বীপচর ও নদী সংলগ্ন গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। সাহেবের আলগা, বেগমগঞ্জ, নুনখাওয়া, অষ্টমীর চর, নয়ারহাট ও চিলমারীসহ কয়েকটি ইউনিয়নের প্রায় পুরো এলাকাই প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, আমন বীজতলা, পাট ও সবজি ক্ষেত। ব্রহ্মপুত্রের ভাঙনে চিলমারী-রমনা সড়কের প্রায় ১০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হওয়ায় বন্ধ হয়ে গেছে। পানিবন্দি মানুষদের অনেকে উঁচু রাস্তা ও বাঁধে আশ্রয় নিতে শুরু করেছেন। প্রবল বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছে বন্যার্ত মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৬৪৫ ঘ.