২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কটূক্তি: মাহফুজকে নড়াইল আদালতে তলব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে তলব করেছে নড়াইলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

নড়াইল/সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের মামলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে তলব করেছে নড়াইলের একটি আদালত। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এম এম কামরুজ্জামান বৃহস্পতিবার নড়াইলের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়েরের পর বিচারক মো. সালেহুজ্জামান আগামী ৫ সেপ্টেম্বর মাহফুজকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে। একুশে টেলিভিশনে সোমবার প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে মাহফুজকে বলতে দেখা যায়, “আরে, প্রাইম মিনিস্টার কতো না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।” বাদীর আইনজীবী সরদার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী সম্পর্কে আসামির মন্তব্য অবমাননাকর, অসম্মানজনক এবং দেশের জন্য মারাত্মক ক্ষতি হয়েছে। তার এ মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।” এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য এবং সিলেটবাসীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে সিলেটেও একটি মামলা হয়েছে। সিলেট জনস্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আখলাক আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। বাদীর আইনজীবী বন্ধু গোপাল দাস সাংবাদিকদের জানান, বিচারক আবু সৈয়দ মোহাম্মদ দিলজার হোসেন মামলাটি গ্রহণ করে সিলেট কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। লন্ডনে একই অনুষ্ঠানে সিলেটবাসীকে ‘অশিক্ষিত’ বলেও বিদ্রুপ করেন মাহফুজ। মামলায় বাদি আখলাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী, সাগর-রুনি এবং সিলেটবাসীকে নিয়ে মাহফুজুর রহমানেরর এ বক্তব্য সিলেট তথা রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। তার বক্তব্য আশালীন ও কুরুচিপুর্ণ।” ওই বক্তব্যের কারণে মাহফুজের বিরুদ্ধে ঢাকায় এক যুবলীগ নেতা এবং কুমিল্লায় এক ছাত্রলীগ নেতা দুটি মানহানির মামলা করেন বুধবার। তবে ঢাকার মামলার বাদী অসুস্থতার কথা বলে বৃহস্পতিবার মামলাটি তুলে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৩৫০ ঘ.