২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদককে কাগজপত্র দিলেন ডেসটিনি চেয়ারম্যান

ডেসটিনি কো-অপারেটিভ সোসাইটির লেনদেন, ব্যাংকিং ও পরিচালকদের আর্থিক লেনদেন বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে কাগজপত্র জমা দিয়েছে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি কো-অপারেটিভ সোসাইটির লেনদেন, ব্যাংকিং ও পরিচালকদের আর্থিক লেনদেন বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে কাগজপত্র জমা দিয়েছে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গে দেখা করে এসব কাগজ জমা দেন রফিকুল আমীন। পরে তিনি বলেন, “ট্রি প্লান্টটেনেশন, কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ২০০০ লিমিটেড নিয়ে তদন্ত করছে দুদক। সেজন্য আমাদের পক্ষ থেকে কো-অপারেটিভ সোসাইটির ব্যাপারে কাগজপত্র জমা দিয়েছি। বাকি দুইটির বিষয়েও কাগজপত্র জমা দেওয়া হবে।” সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, স্বার্থান্বেষী একটি মহল সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে ব্যবহার করছে। এ ব্যাপারে কমিশনের বক্তব্য জানার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও সাংবাদিকদের সাক্ষাৎ দেননি কমিশনের চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ডেসটিনির আর্থিক অনিয়ম ধরা পড়ার গত ২৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়া এক চিঠিতে বৈশাখী টিভি এবং দৈনিক ডেসটিনি ছাড়া এ গ্রুপের সব প্রতিষ্ঠানের পরিচালক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেয়। এরপর ১৮ জুন আরেক আদেশে স্থগিতাদেশের মেয়াদ আরো ৩০ দিন বাড়ানো হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীকে এই আদেশের কপি পাঠানো হয়। ডেসটিনির আর্থিক অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামকে নিয়ে একটি তদন্ত দলও গঠন করা হয়। প্রায় দুই মাস অনুসন্ধান শেষে গত ২৩ মে কমিশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। এতে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর সহযোগী অন্য প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করে তদন্ত দল। ওই প্রতিবেদনে বলা হয়, কোম্পানির শীর্ষ ব্যক্তিরা কয়েকশ’ কোটি টাকার দুর্নীতি করেছে। এছাড়া বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি এবং দেশের মধ্যে কম দামে জমি কিনে তা গ্রাহকদের কাছে বেশি দাম দেখানো হয়েছে। আর ওই অতিরিক্ত অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মকর্তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর্থিক অনিয়মের এসব অভিযোগ বিষয়ে এর আগে ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন ও চেয়ারম্যান মাহমুদ হোসেনসহ কয়েক শীর্ষ কর্তকর্তা এবং ডেসটিনি গ্রুপের ৩২ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এএল/২২২৯ ঘ.