২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ বছরে বিএসএফের হাতে নিহত ১৫১

বর্তমান সরকারের আমলে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের হাতে ১৫১ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের আমলে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের হাতে ১৫১ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবারের সংসদ অধীবেশনে লক্ষীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এসব হত্যাকাণ্ডের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলন ও পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে বলে দাবি করেন সাহারা। তিনি বলেন, “সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে দুই দেশের সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।” চাঁদপুর-৪ আসনের সাংসদ মো. হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিএসএফের গুলিতে ১১ জন বাংলাদেশি নিহত ও ২৭ জন আহত হয়েছে। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় দীর্ঘদিন ধরে ঢাকার পক্ষ থেকে অসন্তোষ জানিয়ে আসা হচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোও ভারতের সমালোচনায় মুখর। সীমান্তে বিএসএফের নির্যাতন নিয়ে হিউমেন রাইটস ওয়াচ গত ১১ জুন নতুন করে উদ্বেগ জানিয়ে বলেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেও তাগিদ দিয়েছিল সংগঠনটি। ‘পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত’ মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই পুলিশ বাহিনী নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।” সারাহ্ বেগম কবরীর আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা যথেষ্ট নয়।” বর্তমানে পুলিশ বাহিনীতে এক লাখ ৪৮ হাজার ২৭৩ জন পুলিশ সদস্য রয়েছে বলে জানান মন্ত্রী। মহিলা সংসদ সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “অপরাধীরা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ভিআইপিদের স্টিকার জাল করে ব্যবহার করে থাকে।” তবে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশের অপরাধ ও ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৪৪৪ ঘ.