ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র শিশু সন্তান মেঘের সঙ্গে কথা বলবে তদন্তদল।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার একথা জানিয়েছেন বলে সেখানে উপস্থিত একজন সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
অবশ্য পুলিশ প্রধান বৈঠক বিষয়ে কিছু বলতে অপারগতা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সাংসদ জানান, মাহির সরওয়ার মেঘ বর্তমানে মনোচিকিৎসকদের অধীনে আছে। রাজধানীর ইস্কাটনের ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারে তার চিকিৎসা চলছে। এ অবস্থায় তাকে হত্যাকা- বিষয়ে কোনোরকম জিজ্ঞাসাবাদ করতে চিকিৎসকরা নিষেধ করেছেন।
“পুলিশ প্রধান বৈঠকে বলেছেন- চিকিৎসা শেষে তদন্তকারীরা মেঘের সঙ্গে কথা বলে ইতিমধ্যে প্রাপ্ত তথ্যাবলী যাচাই করে দেখবেন। কারণ মেঘই ঘটনার একমাত্র সাক্ষী,” যোগ করেন ওই সাংসদ।
গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হন। এই হত্যাকা-ের পর থেকেই বিচার দাবিতে আন্দোলন করছে সাংবাদিকরা।
সাংবাদিকদের আন্দোলনের মধ্যেই গত ৩০ মে লন্ডনে সাগর-রুনি হত্যাকা- নিয়ে লন্ডনে এক অনুষ্ঠানে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
মাহফুজের ওই বক্তব্যের জের ধরে তাকে গ্রেপ্তারের দাবি করে আসছেন সাংবাদিকরা।
এর আগে গত ১৮ এপ্রিল আদালতের এক রুলের নিষ্পতি শুনানিতে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম উচ্চ আদালতের একটি বেঞ্চের কাছে স্বীকার করেন তারা তদন্তে কোন ধরনের অগ্রগতি করতে ব্যর্থ হয়েছেন। এরপর আদালতের নির্দেশে র্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও সংস্থাটি তদন্তের কোনো অগ্রগতি জানাতে পারেনি।
মেজর জেনারেল আবদুস সালামের সভাপত্বি সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মো. মুজিবুল হক টুকু, মো. নুরুল ইসলাম সুজন, সানজিদা খানম ছাড়াও স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও বিজিবির ডিজি মেজর জেনারেল আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউএম/এলএইচ/এএল/২২২১ ঘ.
bdnews24