২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপারে মাদকের কারখানা: টুকু

ভারত সীমান্তের বিশ কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা মাদকের কারখানাগুলো থেকে দেশে মাদক আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সীমান্তের বিশ কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা মাদকের কারখানাগুলো থেকে দেশে মাদক আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার-বিরোধী আর্ন্তজাতিক দিবস মঙ্গলবার ওসমানি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সরকারের কাছে খবর রয়েছে পাশবর্তী দেশের সীমান্তের বিশ কিলোমিটারের মধ্যে মাদকের কারখানা রয়েছে। ওই দেশের সরকারের সঙ্গে অনির্ধারিত বৈঠক করে ওই সব কারখানা না গড়ার জন্য নিষেধ করা হয়েছে।” প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারি, প্রতি বছর মাদকের কারণে এ দেশ থেকে কয়েক হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে জাতীয় অর্থনীতিকে বিপর্যস্ত করছে।” মন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালে মাদক সংক্রান্ত অপরাধের মামলায় ৯ হাজার ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। আর গত বছর প্রায় ৭ হাজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, মাদকের দিকে সাধারণত যুব সমাজ বেশী ধাবিত হয়। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে না পারলে একটি দেশ তলানিতে চলে যাবে। দিবসের জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য বিষয়, মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে বিশ্বব্যাপী আন্দোলন। অনুষ্ঠানে মাদক বিরোধী কার্যক্রমে অবদান রাখায় দুই জনকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহপরিচালক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মোসতাক আহমদও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭৫১ ঘ.