২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙনে ফুলছড়ির ১২শ’ পরিবার গৃহহারা

কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও যমুনার তীব্র স্রোতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক হাজার দুইশ’ পরিবার ঘরবাড়ি হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

গাইবান্ধা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও যমুনার তীব্র স্রোতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক হাজার দুইশ’ পরিবার ঘরবাড়ি হারিয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়ন ফজলুপুর, এরেন্ডাবাড়ি, উড়িয়া, উদাখালি ও গজারিয়ার ১৫টি গ্রামে এই ভাঙন হয়। গৃহহারা লোকজন বিভিন্ন বাঁধ ও পাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদ্দৌলা বলেন, ফুলছড়ির ভাঙন এলাকায় জিও ব্যাগ নিক্ষেপের জন্য প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারুল ইসলাম বলেন, নদীভাঙনের শিকার প্রায় ১২শ’ পরিবারের তালিকা তাদের কাছে জমা হয়েছে। ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ব্যাপক ভাঙনে এই ইউনিয়নের ৫টি গ্রাম খাটিয়ামারি, নিশ্চিন্তপুর, ভাঙ্গাপাড়া, কাইয়াবাধা ও ১৪ নম্বর খাটিয়ামারি গ্রামের ৪২৫ পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল বলেন, তার ইউনিয়নের চারটি গ্রাম দক্ষিণ সন্ন্যাসী, কিসামতধলি, আনন্দবাড়ি, জিগাবাড়িতে ব্যাপক ভাঙনে ৬০৫ পরিবার গৃহহারা হয়েছে। আবাদি জমি গেছে বিঘার পর বিঘা। উড়িয়া ইউপি চেয়ারম্যান শাহ্ আব্দুল হামিদ বলেন, কয়েকদিনে কালাসোনার ৬০টি ও রতনপুর গ্রামের ৩০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। গজারিয়া ইউপি চেয়ারম্যান মনোতোষ রায় বলেন, ব্রহ্মপুত্রের ভাঙনে কাতলামারি গ্রামের ৫০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। উদাখালি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাকী সরকার বলেন, সিংড়িয়া গ্রামে ৩০টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। তিনি বলেন, শুক্রবার রাতে ইউনিয়নের সিংড়িয়ায় খালের উপর একটি সেতু পানির তোড়ে ভেসে গেছে। হুমকির মুখে রয়েছে আরেকটি সেতু এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.