২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ উপসচিবসহ ১০ কর্মকর্তা বদলি

প্রশাসনের চারজন উপসচিব এবং ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসকের পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন উপসচিব এবং ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসকের পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার তাদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পদে প্রেষণে থাকা সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদেও রদবদল হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আশরাফুন্নেসাকে ‘এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইটস’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিবদের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আইন কর্মকর্তা জিএম আব্দুল কাদেরকে ওএসডি করে রাজউকে কাজ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং ওএসডি উপসচিব রহমত আলী খানকে গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে গঠিত কমিশনে কাজ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি উপসচিব ফাতেমা রহিম ভীনাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুনকে শরীয়তপুর, শফিকুল ইসলামকে সিরাজগঞ্জ, আলেয়া খাতুনকে লক্ষ্মীপুর এবং অঞ্জন চন্দ্র পালকে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে। নোয়াখালীর চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে বরিশালের এডিসি পদে বদলি এবং বরিশালের এডিসি রাশেদুল হাসানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে নৌ-বাহিনীর কর্মকর্তা কমান্ডার এম হাসান জামানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওই কেন্দ্রের ব্যবস্থাপক পদে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা কমান্ডার জাহিরুল আলিমকে পূর্ব কর্মস্থলে ফেরৎ পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া ইউনিভার্সিটি অব মেডিক্যাল স্টাডিজের ডিন পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমানকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৫৪ ঘ.