পঞ্চগড়, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার মামলায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আবু মনছুর মো. জিয়াউল হক এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৮ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।
দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে নাকচ হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৩ অগাস্ট বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামুকে একটি মামলায় জেলহাজতে পাঠায় আদালত।
এরপর স্থানীয় তার মুক্তির দাবিতে বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
ওই হামলার ঘটনায় পুলিশ তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকুকে প্রধান আসামি করে ১৬০ জনের বিরুদ্ধে মামলা করে।
গত ১ এপ্রিল উপজেলা চেয়ারম্যানকে পলাতক দেখিয়ে মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।
উপজেলা চেয়ারম্যানের আইনজীবী আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে চেয়ারম্যানকে মামলায় জড়িয়েছে।
তেঁতুলিয়া থানার ওসি মোসাব্বিরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত ও অনুসন্ধানের পর তাকে মামলায় আসামি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24