নারায়ণগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভোগবাদী শিক্ষা পরিহার করে নিজ উদ্যোগে প্রকৃত শিক্ষা গ্রহণের জন্য দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।
তিনি বলেন, “সাম্রাজ্যবাদীদের অনুগত শাসকরা জাতিকে এমন শিক্ষা উপহার দিচ্ছে যাতে দেশে প্রকৃত মানুষ তৈরি না হয়ে তাদের অনুগত কিছু ভোগবাদী মানুষ তৈরি হচ্ছে।”
‘এই বাংলায়’ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অর্থনীতি বিষয়ক এক পাঠচক্রের আলোচনায় এসব কথা বলেন অর্থনীতির এই অধ্যাপক।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি’র এই সদস্য সচিব সাম্রাজ্যবাদীদের কঠোর সমালোচনা করে
বলেন, তারা একদিকে তেল-গ্যাস-কয়লা-বিদ্যুৎসহ দেশের জাতীয় সম্পদের উপর তাদের মালিকানা নিশ্চিত করছে। অন্যদিকে অনুগত শাসকদের দিয়ে দেশের শিক্ষা, কৃষি, চিকিৎসাসহ বিভিন্ন খাতকে নিজেদের ডিজাইনে সাজাচ্ছে।
“মার্কিন সাম্রাজ্যবাদ ও তার অনুগত দেশীয় রাজনৈতিক শক্তি এমন এক অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের জিম্মি করে রেখেছে যেখানে মানুষের মর্যাদা নেই এবং রাষ্ট্রের উপর জনগণের মালিকানা নেই”, যোগ করেন তিনি।
তিনি দেশের তরুণ সমাজকে নিজ উদ্যোগে প্রকৃত শিক্ষা গ্রহণের পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন জোরদারেরও আহ্বান জানান।
কাজী শাহীদুল ইসলামের পরিচালনায় এই পাঠচক্রে নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24