২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোদের মধ্যে শিশুদের নিয়ে জনসেবা দিবসের শোভাযাত্রা

আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রোদের মধ্যে শোভাযাত্রা করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কুড়িগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রোদের মধ্যে শোভাযাত্রা করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে এ শোভাযাত্রা। ঘণ্টাখানেক ধরে এ শোভাযাত্রায় অংশ নেওয়া দুই শিশুর অভিভাবক জলিল ও শামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রায় শিশুদের হাতে বেসরকারি সংস্থা ব্র্যাকের ফেস্টুন ধরিয়ে দেওয়া হয়। “অথচ শিশুদের জন্য খাবার পানিরও ব্যবস্থা ছিল না,” বলেন শামসুল। কুড়িগ্রাম ২নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধু আমার স্কুল নয়, পৌর এলাকার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এতে নেওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশ পেয়ে আমরা শিশুদের শোভাযাত্রায় নিয়ে গেছি।” কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আমির হোসেনও বলেছেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শোভাযাত্রায় যেতে নির্দেশ দেন। তবে শিক্ষা কর্মকর্তা মমিনুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এভাবে শিশুদের নিয়ে শোভাযাত্রা করার বিষয়ে প্রশ্ন করা হলে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদের কেন আনা হয়েছে তা তদন্ত করে দেখা হবে।” কুড়িগ্রামের এনডিসি ও অনুষ্ঠানের সমন্বয়কারী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকরা কেন শিশুদের সঙ্গে আনেন তা প্রশাসন জানে না। “শোভাযাত্রায় শিশুরা অংশ নেওয়ায় আমরা বিব্রত হয়েছি”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৬৪৫ ঘ.