ঝিনাইদহ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুরে মাদক বিক্রেতাদের হামলায় তিন পুলিশ আহত হয়েছে। এই ঘটনায় দেড়শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের ওই ঘটনায় আহত মহেশপুর থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই মিলন হোসেন ও কনস্টেবল মনির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তিন পুলিশ সদস্য রাতে সীমান্তবর্তী মাটিল-লেবুতলা গ্রামে মাদকবিরোধী বিরুদ্ধে অভিযানে যান। মাদক কেনাবেচার সময় রবিউল ইসলাম নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেন তারা।
এ সময় মাদক বিক্রেতা ও তাদের সহযোগীরা এক জোট হয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেন ওসি।
তিনি বলেন, হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে আটক রবিউলকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা আহত পুলিশদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে বলে আনোয়ার হোসেন জানান।
এ ঘটনায় শনিবার সকালে মহেশপুর থানার এসআই আনোয়ার হোসেন ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড়শ’ জনকে আসামি করে মামলা করেছেন।
এক প্রশ্নের জবাবে ওসি আনোয়ার হোসেন বলেন, আহত তিন পুলিশ সদস্য ঘটনার সময় সাদা পোশাকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৪ ঘ.
bdnews24