শরীয়তপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জে এক দম্পতিকে হত্যা করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ভেদরগঞ্জ থানার ওসি সুব্রত সাহা জানান, শুক্রবার রাত ২টার দিকে ভেদরগঞ্জের কাইচকুড়ি গ্রামের হাজী হাকিম আলী মৃধার বাড়িতে ডাকাতি হয়।
ডাকাতরা দোতলা বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে হাকিম আলী ও তার স্ত্রী হাজেরা বেগমের হাত- পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এবং গৃহকর্ত্রীর সোনার গহনা লুটে নিয়ে যায়।
নিহতের পুত্রবধূ মাসুদা বেগম পুলিশকে জানান, তার শ্বশুর-শাশুড়ির তিন ছেলের মধ্যে দুইজন সৌদী আরব ও একজন ইতালি প্রবাসী। ওই বাড়িতে হাকিম ও হাজেরা দুজনেই থাকতেন।
শনিবার সকালে গৃহকর্মী মমতাজ বেগম দরজা খোলার জন্য ডাকাডাকি করে সাড়া না পেলে তার সন্দেহ করেন। পরে বাড়ির পেছন দিকের দরজা খোলা ও জানালার গ্রিল কাটা দেখতে পান তিনি।
মমতাজ বাড়ির ভেতরে ঢুকে হাকিম মৃধা ও হাজেরা বেগমের হাত-পা বাঁধা লাশ দেখে চিৎকার দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দু’ জনের লাশ উদ্ধার করে।
ওসি সুব্রত সাহা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার পুলিশ সুপার ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24