ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং এর ইংরেজি সংস্করণ ‘দি আনফিনিশড মেমোরিজ’ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক এই গ্রন্থের বাংলা ও ইংরেজি সংক্ষরণ ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর’ থেকে কেনা যাবে।
বাংলাদেশে বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।
বাংলা সংস্করণের দাম রাখা হয়েছে ৫২৫ টাকা, ইংরেজি সংস্করণ ১২০০ টাকা। দুটি বইয়ের ‘ডিলাক্স’ সংস্করণের দাম রাখা হয়েছে যথাক্রমে ৬৫০ টাকা ও ১৫০০ টাকা।
১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি থাকাকালে আত্মজীবনী লেখা শুরু করেন বঙ্গবন্ধু। কিন্তু তা শেষ করে যেতে পারেননি।
চারটি খাতায় তার লেখা সেই পাণ্ডুলিপি ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘দি আনফিনিশড মেমোরিজ’ নামে গত ১৮ জুন প্রকাশ করা হয়।
ইউপিএলের মহিউদ্দিন আহমেদ পরদিন গণভবণে বঙ্গবন্ধুর দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার কাছে বই দুটি হস্তান্তর করেন।
বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময়ে থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রাসাদ ষড়যন্ত্রের বিস্তৃৃত বিবরণ এবং এসব বিষয়ে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে।
কারাগার ও বাইরের জীবন, বাবা-মা, স্ত্রী-সন্তান ও পরিবার-পরিজনের কথাও এতে বলেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।
বাংলাদেশের বাইরে ভারতে পেঙ্গুইন বুকস ও পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ১৮ জুন বই দুটি প্রকাশ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১০৪০ ঘ.
bdnews24