চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চটগ্রামে নয় দিনব্যাপী ‘রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে শুক্রবার।
সকাল সাড়ে দশটায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ।
মোবাইল অপারেটর রবি’র সহায়তায় অপর্ণা চরণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করেছে সামাজিক সংগঠন দৃষ্টি।
এবার ২০তম আন্তঃস্কুল, ১০ম আন্তঃকলেজ এবং ৯ম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।
এতে চট্টগ্রামের ১২ টি স্কুলের ২৪টি দল, ঢাকা ও চট্টগ্রামের ১০টি কলেজ, ২৪ টি বিশ্ববিদ্যালয়সহ মোট ৫৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আগামী ৩০ জুন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান ও সান সাইন গ্রামার স্কুলের শিক্ষক সাফিয়া গাজি রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম নাজমুল, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হক শেহজাদ, সহ-সভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24