২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুতবার আগে জঙ্গিবাদ বিরোধী প্রচারের পরামর্শ পুলিশ প্রধানের

জঙ্গিবাদ উৎখাতে প্রতি শুক্রবার জুমার নামাজের খুৎবার আগে জঙ্গিবাদবিরোধী প্রচার চালাতে ইমামদের উৎসাহিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদ উৎখাতে প্রতি শুক্রবার জুমার নামাজের খুৎবার আগে জঙ্গিবাদবিরোধী প্রচার চালাতে ইমামদের উৎসাহিত করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ, ২০১২) অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্যে তিনি এই আহ্বান জানান। হাসান মাহমুদ বলেন, “বর্তমানে ধর্মীয় জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। কোনোভাবেই যেন জঙ্গিবাদের উত্থান ঘটতে না পারে, সেদিকে বিশেষ সর্তক দৃষ্টি রাখতে হবে।” সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জটিল পরিস্থিতিতে পেশাদারিত্বের পাশাপাশি কৌশলী আচরণ করতে কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন পুলিশপ্রধান। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতেও বলেন তিনি। সভায় উপমহাপরিদর্শক (অপরাধ) হেলাল উদ্দিন বদরী গত তিন মাসে খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, অস্ত্র উদ্ধার ইত্যাদিসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। চলতি বছরের গত তিন মাসে ৬৬৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১১০টি বেশি। এছাড়া একই সময়ে মোট ৩০০টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে, পূর্ববর্তী বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২৩৯। গত তিন মাসে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং অন্যান্য সংস্থা এক লাখ ৭২ হাজার ২৮০ বোতল ফেনসিডিল, ৪৯ কেজি হেরোইন এবং ৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে সভায় জানানো হয়। সভায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ নাইম আহমেদ, অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজি (এসবি) মো. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মোখলেসুর রহমান ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩২৫ ঘ.