২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টসকর্মী নিহত: ভাঙচুর-হামলার ঘটনায় দুই মামলা

চট্টগ্রামের আগ্রাবাদে গার্মেন্টসকর্মীর মৃত্যুর পর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

চট্টগ্রাম, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আগ্রাবাদে গার্মেন্টসকর্মীর মৃত্যুর পর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে। বুধবার গভীর রাতে ডবলমুরিং থানায় মামলা দুটি করেন পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাস সার্ভিস কর্তৃপক্ষ। ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই দিদারুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন। এছাড়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিটি বাস সার্ভিসের প্রকল্প পরিচালক জয়সেন বড়–য়া বাদি হয়ে অপর মামলাটি করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাত পরিচয় এক থেকে দেড়হাজার জনকে আসামি করা হয় বলে জানান এসআই আকবর। বুধবার সকাল সোয়া আটটায় আগ্রাবাদে শেখ মুজিব সড়কের জীবন বীমা ভবনের সামনে সিটি সার্ভিসের বাসের ধাক্কায় নিহত হন আনোয়ারা গার্মেন্টসের সুপারভাইজার পিন্টু দাশ। এর জের ধরে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা প্রায় সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িসহ তিনটি যান ভাঙচুর করে। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮২৯ ঘ.