২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্যের সাজা ভোগকারী’ জাকিরকে আদালতে আনার নির্দেশ

নামে মিল থাকায় যাবজ্জীবন সাজা ভোগ করা নারায়ণগঞ্জের জাকির হোসেনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নামে মিল থাকায় যাবজ্জীবন সাজা ভোগ করা নারায়ণগঞ্জের জাকির হোসেনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে জাকির হোসেনের আটকের বৈধতা যাচাই করতে তাকে কারাগার থেকে আগামী ১৯ জুলাই আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন’ শীর্ষক একটি প্রতিবেদন নজরে এলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ স্বতপ্রণোদিত আদেশ দেয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি কে এম সাইফুদ্দিন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শক, গাজীপুরের জেল সুপার ও কাশিমপুরের কারাধ্যক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের জাকির হোসেন। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা ও আন্তরিকতার অভাবে নিজ নামের আরেক ব্যক্তির দণ্ড ভোগ করতে হচ্ছে জাকিরকে।” ১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে বিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বেপারীপাড়ার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই মামলায় ২০০৭ সালের ১০ ডিসেম্বর পুলিশ যে জাকিরকে গ্রেপ্তার করে, তিনি হাটখোলাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. জাকির হোসেন বলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়। জাকির রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর দণ্ডিত জাকির এখনো এলাকায় মুক্ত অবস্থান রয়েছেন বলে পত্রিকার প্রতিবেদনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৮১৮ ঘ.