বরিশাল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-পটুয়াখালী সড়কে মোটর সাইকেল উল্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।
বুধবার রাতে সড়কের বাকেরগঞ্জ উপজেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম জিকো (২০) ঝালকাঠী রমজানকাঠী কৃষি কলেজের ছাত্র ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার চরআবদানী গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
আহত আরোহী সুমন (২০) ও চালক সবুজকে (২৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পটুয়াখালীর লেবুখালী এলাকা থেকে সবুজের ভাড়ায় চালিত মোটর সাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। সড়কের বাকেরগঞ্জ উপজেলা এলাকায় পৌঁছালে অন্ধকারের মধ্যে থামানো ট্রাককে সাইড দিতে গিয়ে তাদের গাড়ি উল্টে যায়।
কোতয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক সানাউল হক জানান, স্থানীয়রা উদ্ধার করে আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জিকোকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১২৮ ঘ.
bdnews24