২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক বিল সংসদে উত্থাপন

রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরির শর্ত নির্ধারণে ‘পণ্য উৎপাদনশীলতা রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল- ২০১২’ সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরির শর্ত নির্ধারণে ‘পণ্য উৎপাদনশীলতা রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল- ২০১২’ সংসদে উত্থাপন করা হয়েছে। পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) অধ্যাদেশকে আইনে পরিণত করতেই এই বিলটি উত্থাপন করা হয়। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে বিলটি উত্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিন দিনের মধ্যে বিলটি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তা পাঠানো হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য ২০০৬ সালে একটি মজুরি কাঠামো ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন-২০০৬’ প্রবর্তন করা হয়। ওই মজুরি কাঠামো শ্রমিকদের চাহিদা পূরণে যথেষ্ট নয়। এজন্য সরকার নতুন মজুরি কাঠামো প্রবর্তনের প্রয়োজন অনুভব করে এবং এ উদ্দেশ্যে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন করে। তিনি বলেন, সরকারের কাছে কমিশন যে সুপারিশ পাঠায় তা মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ওই সময় সংসদ অধিবেশন না থাকায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাষ্ট্রপতি গত ২ মে পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) অধ্যাদেশ ২০১২ জারি করেন। সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী যেকোনো অধ্যাদেশ সংসদের চলতি অধিবেশনের প্রথম ৩০ দিনের মধ্যে পাস করে আইনে পরিণত করতে হবে। এ কারণে অধ্যাদেশটির বিধানগুলো অব্যাহত রাখতে একটি আইন প্রণয়ন আবশ্যক। এজন্য এটি বিল আকারে উত্থাপন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২২৪ ঘ.