২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ, সাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

জঙ্গি হামলার দু’টি মামলায় সাক্ষ্য দিতে না আসায় এক সহকারী পুলিশ সুপার ও ফটোসাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

সিলেট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি হামলার দু’টি মামলায় সাক্ষ্য দিতে না আসায় এক সহকারী পুলিশ সুপার ও ফটোসাংবাদিকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হক খান এ আদেশ দেন। ২০০৪ সালে টিলাগড়ের শাপলাবাগে সূর্যদীঘল বাড়িতে জেএমবি শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের আত্মসমর্পনের ঘটনায় বিস্ফোরক মামলায় ছয় জনের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল বুধবার। মামলার আসামিদের মধ্যে জেএমবির আমির সাইদুর রহমান, শায়খ আবদুর রহমানের স্ত্রী নূরজাহানসহ সাত আসামি আদালতে হাজির থাকলেও সাক্ষীরা অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। ওই মামলায় মোট ৫০ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওইদিন সাক্ষ্য দেওয়ার জন্য ঢাকা অঞ্চলে কর্মরত সহকারী পুলিশ সুপার মসিহ উদ্দিন, সিলেটের ফটোসাংবাদিক ইকবাল মনসুর, আশরাফুল আলমসহ আরো তিন প্রত্যক্ষদর্শীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া একই আদালতে ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর ফাজিলচিস্ত এলাকায় বোমা বিস্ফোরণ মামলার আসামি হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি আবু সাঈদ, আবু ওবায়দাসহ চারজন আসামি আদালতে উপস্থিত থাকলেও সাক্ষীরা অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এ মামলার পরবর্তী তারিখ আগামী ৬ অগাস্ট নির্ধারণ করে আদালত প্রত্যক্ষদর্শী চার সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সহকারি পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন জানান, টিলাগড়ের শাপলাবাগে বিস্ফোরক মামলায় ছয় এবং ফাজিলচিস্ত’র বোমা বিস্ফোরণ ঘটনার মামলায় চার সাক্ষী আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী তারিখে তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.