ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায়কে দেখার প্রত্যাশা করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মনে করছেন, পশ্চিমবঙ্গের এই বাঙালি ওই পদে গেলে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।
তিনি বুধবার সংসদ অধিবেশনে বলেন, “প্রথম বাঙালি হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জি দেশটির ক্ষমতাসীন জোটের নমিনেশন পেয়েছেন। একজন বাঙালি হিসাবে আমি এজন্য গর্বিত।”
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে প্রণব মুখোপাধ্যায়ের সহযোগিতার কথা তুলে ধরে সংসদ উপনেতা বলেন, তিনি নির্বাচিত হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে।
স¤প্রতি ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে লড়ার জন্য বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে মনোনীত করেছেন।
সংসদে যুদ্ধাপরাধের বিচার নিয়েও কথা বলেন সাজেদা চৌধুরী।
কোনো যুদ্ধাপরাধী যেনো দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ হওয়ার আহবান জানিয়ে সাজেদা বলেন, “কুখ্যাত বাচ্চু রাজাকার পালিয়ে গিয়েছে শুনেছি। মীর কাসেম ধরা পড়েছে। আরো রাজাকার ধরা পড়বে।”
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন উল্লেখ করে জাতীয় সংসদের উপনেতা বলেন, “২০৩০ সালে নয় বেগম খালেদা জিয়া, আমরা ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশ গড়ে তুলব।”
বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “আপনারা রোজার পরে, ঈদের পরে আলটিমেটামের নামে তামাশা না করে সংসদে আসুন। আপনাদের কথা বলুন, আমরা সবাই মিলে জাতীয় স্বার্থে কাজ করি।”
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকার আন্তরিক জানিয়ে সাজেদা বলেন, “জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মধ্যে কোনো বিভেদ আমরা দেখতে চাই না। শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া, দেশের স্বার্থে সম্প্রীতি ও সৌহার্দ্যরে মধ্য দিয়ে এই চুক্তি আমরা বাস্তবায়ন করবোই।”
এছাড়া সাজেদা চৌধুরী বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, যোগাযোগ, তথ্য প্রযুক্তি খাতে ও দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের জনমত জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের ৭৭ শতাংশ মানুষের সমর্থনের বিষয়টি উল্লেখ করে সাজেদা চৌধুরী বলেন, “গ্যালাপ কোনো ভূইফোঁড় প্রতিষ্ঠান নয়। এরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে জনমত জরিপ পরিচালনা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ফল সঠিক হয়। তাই শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় সরকার দেশ পরিচালনায় যে সাফল্য দেখাচ্ছে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জয় আমাদের সুনিশ্চিত।”
২০১২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বুধবার আরো অংশ নেন আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন, আব্দুল মজিদ খান, এ বি এম আবুল কাশেম, সুবিদ আলী ভূঁইয়া, এ এইচ এন আশিকুর রহমান, রমেশ চন্দ্র সেন, সৈয়দ মোহসীন আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২১৪৬ ঘ.
bdnews24