ঢাকা, জুন ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে।
আগামী ৩ জুলাই এ মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মো. সুলতান মাহমুদ সীমন।
মামলাটির প্রসিকিউটর মোহাম্মদ আলীর শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।
৯৬ পৃষ্ঠার সূচনা বক্তব্যে কাদের মোল্লার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি এসব ঘটনায় আসামির সংশ্লিষ্টার প্রমাণ হিসেবে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও লুটপাটের ছয় ধরনের অপরাধে কাদের মোল্লার বিরুদ্ধে গত ২৮ মে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
এই জামায়াত নেতার বিরুদ্ধে গত বছরের ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ওই বছরের ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তরের পর গত ১৬ মে অভিযোগ গঠনের বিষয়ে পক্ষে-বিপক্ষে শুনানি শেষ হয়।
মুক্তিযুদ্ধের সময় মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়।
এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলায়ই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯০০ ঘ.
bdnews24