২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় লাখেরও বেশি অবৈধ গ্যাস সংযোগ

সরকারি সিদ্ধান্তে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকলেও বন্ধ হয়নি অবৈধ সংযোগ; যে সংখ্যা এক লাখের বেশি বলে ধারণা পেট্রোবাংলা চেয়ারম্যানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সিদ্ধান্তে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকলেও বন্ধ হয়নি অবৈধ সংযোগ। শুধু ঢাকাতেই এ ধরনের অবৈধ সংযোগ রয়েছে এক লাখেরও বেশি। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর। ঢাকা মহানগরসহ আশপাশের কয়েকটি জেলায় গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। হোসেন মনসুর বলেন, “গ্যাস সংযোগ দেওয়া বন্ধ না থাকায় অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অবৈধ সংযোগের ঘটনা ঘটছে বলে বিভিন্নজন আমার কাছে অভিযোগ করেছে।” অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গত বছরের অক্টোবরে ৪ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হলেও তাতে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে জানান তিনি। ২০০৯ সালের ২১ জুলাই শিল্পে এবং ২০১০ সালের ১৩ জুলাই থেকে সব ধরনের গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে সরকার। ওই সময় বলা হয়, গ্যাসের দৈনিক উৎপাদন দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত না হওয়ার পর্যন্ত নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকবে। তিতাস ছাড়াও পেট্রোবাংলার গ্যাস সরবরাহকারী অন্য তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ ওঠেছে। খোদ পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছেও এ ধরনের অভিযোগ গেছে। হোসেন মনসুর বলেন, “অবৈধ সংযোগের সংখ্যা বাড়তে থাকায় পেট্রোবাংলা অসহায় হয়ে পড়েছে। এ ধরনের সংযোগের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, আর আবাসিকে তা বেশি।” অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য একাধিক দল কাজ করছে। তবে জনবল সঙ্কটের পাশাপাশি এই দলের সদস্যরা অনেক সময় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে শারীরিক লাঞ্ছনার শিকার হচ্ছেন।” অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এ ধরনের অভিযোগ পাওয়ায় অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।” বর্তমানে তিতাসের মোট গ্রাহক ১৫ লাখেরও বেশি। রাজি পেট্রোবাংলা, উপদেষ্টার ‘না’ এদিকে গ্যাস উৎপাদন বাড়ার শর্তে আবাসিক গ্যাস সংযোগ চালুর কথা থাকলেও জ্বালানি উপদেষ্টার সায় না পাওয়ায় আপাতত তা বন্ধই রয়েছে। পেট্রোবাংলার হিসেব অনুযায়ী, বর্তমানে দৈনিক দুই হাজার ৭০০ থেকে তিন হাজার ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হচ্ছে। পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন, আবাসিকে নতুন গ্যাস সংযোগ দিতে অতিরিক্ত প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে, যা সরবরাহে তারা প্রস্তুত রয়েছেন। তবে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী এখনই গ্যাস সংযোগ চালুর বিপক্ষে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপাতত আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না।” এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে তার নেতৃত্বে গঠিত ছয় সদস্যের একটি কমিটি শিল্প প্রতিষ্ঠানে নতুন কিছু গ্যাস সংযোগ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/১৮১৪ ঘ.