২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল-টুকুসহ ৪ জন রিমান্ডে

খিলগাঁওয়ে বাসে আগুন দিয়ে চালককে ‘পুড়িয়ে হত্যার’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সভাপতিসহ চারজনকে একদিনের পুলিশ হেফজতে পঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলগাঁওয়ে বাসে আগুন দিয়ে চালককে ‘পুড়িয়ে হত্যার’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সভাপতিসহ চারজনকে একদিনের পুলিশ হেফজতে পঠিয়েছে আদালত। পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে মহানগর হাকিম অমিত কুমার দে বুধবার এক দিনের হেফাজত মঞ্জুর করেন। আসামিদের জামিন আবেদনও নাকচ করে দেন তিনি। রিমান্ডে পাঠানো এই চারজন জন হলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মতিন। এ মামলার আরেক আসামি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু অসুস্থ থাকায় তাকে হেফাজতে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। হরতালের মামালায় কারাগার থেকে মুক্তি পেলেও গত বৃহস্পতিবার রাতে কারাফটক থেকেই বিএনপির সহযোগী সংগঠনের এই নেতাদের আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রাজধানীর খিলগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের জন্য হেফাজতের আবেদন করেন খিলগাঁও থানার উপপরিদর্শক মোখসেদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৬২২ ঘ.