২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের উন্নতি

মানব পাচার রোধে আইন ও জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করায় যুক্তরাষ্ট্রের বার্ষিক মানব পাচার প্রতিবেদনে (ট্রাফিকিং ইন পার্সনস-টিআইপি) বাংলাদেশকে ‘নজরদারির তালিকা’ থেকে বাদ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব পাচার রোধে আইন ও জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করায় যুক্তরাষ্ট্রের বার্ষিক মানব পাচার প্রতিবেদনে (ট্রাফিকিং ইন পার্সনস-টিআইপি) বাংলাদেশকে ‘নজরদারির তালিকা’ থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এই প্রতিবেদনে বাংলাদেশকে স্থান দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ের (টিয়ার টু) তালিকায়, যারা গত গত তিন বছরে মানব পাচার রোধে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পেরেছে। একইসঙ্গে বাংলাদেশের অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং যৌনকর্মী ও গৃহকর্মী হিসাবে ব্যবহারের জন্য অভ্যন্তরীণ অভিবাসনসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে বলেন, “মানবপাচার রোধের অঙ্গীকারের ক্ষেত্রে অগ্রগতির একটি স্বচ্ছ চিত্র প্রতিফলিত হয়েছে এই প্রতিবেদনে। আমারা কি আগের অবস্থানে আছি, এগিয়েছি, নাকি পিছিয়ে গেছি- তা এই প্রতিবেদনে উঠে এসেছে।” প্রতিবেদনে বলা হয়, গত বছর ‘মানব পাচার রোধ ও দমন আইন’ পাস হওয়ায় এবং চলতি বছরের মে মাসে ‘মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা’ প্রণয়নসহ গত এক বছরে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশের এই অগ্রগতি হয়েছেম চলতি বছরের প্রতিবেদনে বাংলাদেশসহ ১৮৬টি রাষ্ট্র ও অঞ্চলের মানবপাচার পরিস্থিতির বিবরণ তুলে ধরা হয়েছে। মানব পাচার ও অপরাধ প্রবণতার মাত্রার ভিত্তিতে দেশগুলোকে চারটি ধাপে অন্তর্ভুক্ত করে প্রতি বছর এই প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। যে সব দেশ পাচার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণে ব্যর্থতা দেখায় তাদের প্রথমে দ্বিতীয় ধাপে অন্তর্ভৃুক্ত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে রাখা হয় দ্বিতীয় ধাপের পর্যবেক্ষণ বা নজরদারির তালিকায়। পরপর তিন বছর এই নজরদারির তালিকায় থাকার পরও পরিস্থিতির উন্নতি না হলে ওই দেশকে চতুর্থ ধাপে স্থান দেওয়া হয়। এ ধরনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞাও দিতে পারে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণলায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলেছে, পর্যবেক্ষণের তালিকা থেকে বেরিয়ে আসতে পারায় বাংলাদেশের আর কোনো ‘বিরূপ অর্থনৈতিক ব্যবস্থার’ ঝুঁকি থাকল না। পাশাপাশি এতে করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ‘উজ্জ্বল’ হবে বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমডি/জেকে/১৬০০ ঘ.