২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশকে আরো উঁচুতে নেবে আগামী প্রজন্ম’

এভারেস্ট বিজয়ী চার বাংলাদেশি মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন আশাই প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্ট বিজয়ী চার বাংলাদেশি মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যত প্রজন্ম বাংলাদেশের পতাকা আরো উঁচুতে নিয়ে যাবে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এভারেস্টজয়ী এই চারজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন শেখ হাসিনা। পৃথিবীর সর্বোচ্চ চূড়া ঘুরে আসা চারজনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আমাদের অনেক অর্জন। আমরা বাঙালি হিসাবে নিজেদের পরিচয় দিতে পারছি, একটা স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। এর সবই এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আত্মপরিচয়ের সুযোগ পাচ্ছি।” নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের অর্জনের কথা বিশেষভাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রতিটি অর্জনে নারীদের অংশগ্রহণ আছে। নারী-পুরুষ সমানে সমান। ছেলে-মেয়ে কেউ পিছিয়ে নেই।” এভারেস্টে বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “৬৭তম দেশ হিসাবে বাংলাদেশ এভারেস্ট জয় করেছে। এই পথ ধরে আরো অনেকে এগিয়ে আসবে।” বাংলাদেশে একটি মাউন্টেনারি ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং একদিনে ১০ লাখ গাছের চারা লাগিয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়ার জন্য সরকার প্রধানের প্রতি আহ্বান জানান মুসা ইব্রাহীম। মাউন্টেনারি ইন্সটিটিউট প্রতিষ্ঠার বিষয়টি সরকার বিবেচনা করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা দলের পক্ষ থেকে প্রতি পহেলা আষাঢ় বৃক্ষ রোপণ করি। একদিনে দশ লাখ গাছ লাগানো কঠিন বিষয় না। আমরা পারব।” দুবার এভারেস্ট ঘুরে আসা এম এ মুহিত এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে তার একটি আলোকচিত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রথম বাংলাদেশি নারী হিসাবে এভারেস্ট জয় করে আসা নিশাত মজুমদারও তার অনুভূতির কথা প্রকাশ করেন। এভারেস্টে বাংলাদেশের দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীন তার বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, “আমরা নারীরা এগিয়ে যাচ্ছি। অনেক ঝুঁকির মধ্যে এভারেস্ট থেকে ফিরে এসে প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার পুনর্জন্ম হচ্ছে।” অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শোনান জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও এস আই টুটুল। গত ১৯ মে এভারেস্টের প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। এই অভিযানে মুহিতও তার সঙ্গে ছিলেন। তাদের পথ ধরে এক সপ্তাহের মাথায় ২৬ মে এভারেস্টের চূড়ায় ওঠেন ওয়াসফিয়া। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তার এক বছরের মাথায় গত বছর মুহিতও ওঠেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৪২৫ ঘ.