গাজীপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে মঙ্গলবার বিকালে দু’টি ‘বনবিড়ালের’ ছানা উদ্ধার করা হয়েছে।
উপজেলার কান্দানিয়া বাড়ির একটি আনারস বাগান থেকে এলাকাবাসী ছানা দু’টি ধরে থানায় খবর দেয়। এগুলো বনবিড়ালের ছানা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাত সোয়া ১০টার দিকে জাতীয় উদ্যানের বিট কর্মকর্তার কাছে শাবক দুইট হস্তান্তর করা হয়েছে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো. মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে শাবক দু’টি উদ্ধারের সময় তাদের মা একটি বাচ্চা নিয়ে পালিয়ে গেছে।
তারা বাচ্চাগুলোকে গরু ও ছাগলের দুধ খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এজন্য দুশ্চিন্তায় পড়েছেন।
কাপাসিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ওসমান গনি বলেন, বাচ্চা দু’টোর শারীরিক কোনো সমস্যা নেই। তবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও খাওয়ানোর ব্যবস্থা করা জরুরি। ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে ছাগলের দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে বন্যপ্রাণী পর্যবেক্ষক রহীম শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ ধ্বংস হওয়ায় এদশে বনবিড়াল এখন বিপন্ন। এরা ইঁদুর খেয়ে এবং সাপ মেরে মানুষের উপকার করে।
সচেতন না হলে ভবিষ্যতে এরা বিলুপ্ত হয়ে যাবে বলে জানান রহীম শাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩২ ঘ.
bdnews24