ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরী পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি ন্যায়সঙ্গত উল্লেখ করে তা মেনে নিয়ে কারখানা খুলে দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
স্কপের সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “বাসা ভাড়া ও যাতায়াত খরচ বৃিদ্ধ এবং মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ ও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অন্যান্য যে দাবি তুলেছে তা অত্যন্ত যৌক্তিক ন্যায়সঙ্গত।”
শ্রমিক বিক্ষোভের পর আশুলিয়ায় সব কারখানা বন্ধে মালিকদের ‘বেআইনি’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “মালিক সমিতির এ আচরণের ফলে শ্রমিক পক্ষকে রাস্তায় নামতে বাধ্য করা হল এবং পরিস্থিতি আরো নাজুক করা হল।”
আশুলিয়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানাতে মঙ্গলবারই রুল জারি করেছে হাই কোর্ট।
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে সারাদেশে কারখানা বন্ধের হুমকিও দিয়েছেন পোশাক শিল্প মালিকরা।
তবে মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান আশা প্রকাশ করেছেন, আগামী শনিবারের মধ্যে তৈরি পোশাক খাতের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২২৪২ ঘ.
bdnews24