২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা সরঞ্জাম দিল চীন

‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’র আওতায় বাংলাদেশকে ২৭টি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে চীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’র আওতায় বাংলাদেশকে ২৭টি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে চীন সরকার। মঙ্গলবার মোহাম্মদপুর প্রজনন সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জুনের কাছ থেকে যন্ত্রপাতিগুলো গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল আমিন। প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ওই যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে পোর্টেবল আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে এনেস্থেসিওলোজির মেশিন। এগুলো ওই কেন্দ্রে ‘মানসম্পন্ন’ সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। ২০১০ সালের অক্টোবরে নারীদের প্রজনন সেবা দেওয়ার জন্য ১০০ শয্যার একটি হাসাপাতাল হিসেবে এই কেন্দ্র নতুন করে যাত্রা করে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যন্ত্রপাতিগুলো উন্নততর পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য ব্যবহৃত হবে। চীনের রাষ্ট্রদূত ‘উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ হিসেবে দুই প্রতিবেশী দেশের’ মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। চীন বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার। ২০১০ সালে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৭০০ কোটি ডলারের বেশি। যদিও বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ খুবই সামান্য। বর্তমানে বাণিজ্য ছাড়াও পরিবহন ও সামরিক সহযোগিতা খাতে সহযোগিতা সম্প্রসারণ করেছে চীন। জনসংখ্যা উন্নয়নে অংশীদাররা (পিপিডি)-এর উপ-নির্বাহী পরিচালক ড. লোরনা তুমওয়েবোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আওতায় বাংলাদেশ, উগান্ডা, জিম্বাবুয়ে ও কেনিয়াকে (পরিবার পরিকল্পনার জন্য) যন্ত্রপাতি সহযোগিতা, প্রশিক্ষণ ও পণ্য সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে চীন।” জ্ঞান, সর্বোন্নত চর্চা ও প্রযুক্তি সহযোগিতা ও বিনিময়ের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা ও উন্নয়ন সমস্যাগুলো সমাধানের একটি পথ হিসেবে ২৫-জাতি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আন্তঃসরকারি জোট হিসেবে কাজ দায়িত্ব পালন করছে পিপিডি। তিনি বলেন, এটাকে (এই কেন্দ্র) একটা আধুনিক কেন্দ্রে পরিণত করতে আমাদের বিশেষ মনোযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচএ/এমআই/২২২০ ঘ.