ঠাকুরগাঁও, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে একটি ভাংচুরের মামলায় ছাত্রদল ও যুবদলের ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মাসুদ পারভেজের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। বিচারক আবেদন নাকচ করেন।
এছাড়া ওই আসামিদের পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনায় অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কয়েকটি বেসরকারি ব্যাংক-বীমা, দোকানপাট ও গাড়িতে হামলা ভাংচুর হয়।
এ ঘটনায় ওইদিনই ঠাকুরগাঁও থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে জেলা ছাত্রদল সভাপতি রাশেদ আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগসহ অজ্ঞাত পরিচয় ৩০/৪০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় ছাত্রদল ও যুবদলের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছিল। এই ৩২ জন পলাতক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২১৫ ঘ.
bdnews24