২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশুলিয়ার ঘটনায় সরকার রেফারি’

পোশাক খাতে অস্থিরতার ঘটনায় মালিক ও শ্রমিকরা ‘নিজ নিজ স্বার্থ’ দেখছে মন্তব্য করে এ কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক খাতের অস্থিরতা নিরসনে বিভিন্ন মহলের আহ্বানের মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় সরকার ‘রেফারির ভূমিকা’ পালন করছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আশুলিয়ায় গার্মেন্ট কারখানায় অস্থিরতার ঘটনায় মালিক ও শ্রমিকরা তাদের নিজ নিজ স্বার্থ দেখছে। এ নিয়ে সরকার রেফারির ভূমিকা পালন করছে।” এর আগে মানব পাচার নিয়ে একটি আন্তঃন্ত্রণালয় বৈঠক এবং কোরিয়ার সহযোগিতায় স্থাপিত তথ্য প্রযুক্তি কেন্দ্রের (আইসিটি সেন্টার) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আশুলিয়ায় পোশাক কারখানায় অস্থিরতা এবং ‘মালিক-শ্রমিক সংকট’ খুব শিগগিরই মিটে যাবে বলে আশা করছেন তিনি। “এ সংকট নিরসনের জন্য শ্রম মন্ত্রণালয় মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক করছে। তারা আলোচনা করেই এ সংকট নিরসন করবে। আর সেখানে আইন-শৃঙ্খলা দেখবার দায়িত্ব আমাদের। আশুলিয়াসহ যেখানে যা আছে, সেখানে পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।” শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত ১১ জুলাই থেকে টানা অস্থিরতা চলে আশুলিয়া শিল্পাঞ্চলে। শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। ভাংচুর করা হয় বিপুল সংখ্যক যানবাহন। সরকার কারখানা মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালেও অস্থিরতা চলতে থাকে। শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাত চললে আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। শ্রমিক অসন্তোষের ‘নিরসন ঘটিয়ে’ আগামী ২০ জুনের মধ্যে আশুলিয়ায় সব পোশাক কারখানা চালু না করলে ২২ জুন ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশন। গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি, বিক্ষোভের সময় ‘পুলিশের পিটুনিতে’ আহত শ্রমিকদের চিসিৎসার ব্যবস্থা করা, সব কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন, প্রতিবছর শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যবস্থা চালু, শ্রমিকদের জন্য রেশন এবং তাদের ওপর পুলিশি নির্যাতন বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি। সরকারের হিসাব অনুযায়ী, দেশের সাড়ে ৩ হাজার পোশাক কারখানার মধ্যে ৩৫০টিই আশুলিয়ায়। এতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৪৩২ ঘ.