দিনাজপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জ ও পার্বতীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে বীরগঞ্জ শালবাগান মোড়ে ও দুপুরে পার্বতীপুরের পলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীরগঞ্জ পৌরশহরের জগদল জুলুমপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে আল-আমীন (১২) এবং পার্বতীপুর উপজেলার পলাবাড়ী ইউনিয়ন পরিষদের মণ্ডলপাড়া গ্রামের জালাল উদ্দিন (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বীরগঞ্জ শালবাগান মোড়ে বাক নেওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আল-আমীনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ছেলে তারিকুল ইসলামসহ জালাল উদ্দিন চিকিৎসার জন্য পার্বতীপুর হলদিবাড়ী সরকারী হাসপাতালে আসছিলেন। এসময় হাসপাতালের সামনে ফুলবাড়ী থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৬৫২ ঘ.
bdnews24