সাভার, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষের পর সোমবার শান্ত রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল।
সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল সড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে, যেখানে গত এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনই অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।
এদিকে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার মধ্য রাত থেকে ১৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত সোমবার থেকে টানা অস্থিরতা চলে আশুলিয়া শিল্পাঞ্চলে। গত শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। ভাংচুর করা হয় বিপুল সংখ্যক যানবাহন।
সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক থেকে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলেও অস্থিরতা চলতে থাকে। গত শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাতের পর আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রোববার সকালে জামগড়া বাসস্ট্যান্ডে যানবাহন লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করার সময় ৫ জনকে গ্রেপ্তার করে সাদা পোশাকের পুলিশ।
কামাল জানান, গ্রেপ্তার সবাইকে পুলিশের দায়ের করা দুটি মামলার আসামি করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি তিনি।
“বিভিন্ন কারখানার সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকের পুলিশ সদস্যরা শ্রমিকদের সঙ্গে মিশে গিয়ে বিশৃঙ্খলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে”, বলেন আশুলিয়ার ওসি।
এদিকে, শ্রমিক অসন্তোষের ‘নিরসন ঘটিয়ে’ আগামী ২০ জুনের মধ্যে আশুলিয়ায় সব পোশাক কারখানা চালু না করলে ২২ জুন ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশন।
সোমবার ঢাকার তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন এই ঘোষণা দেন।
চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি, আহত শ্রমিকদের সুচিসিৎসার ব্যবস্থা করা, সব কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন, প্রতিবছর শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যবস্থা চালু, শ্রমিকদের জন্য রেশন এবং তাদের ওপর পুলিশি নির্যাতন বন্ধের দাবি জানান তিনি।
সরকারের হিসাব অনুযায়ী, দেশের সাড়ে ৩ হাজার পোশাক কারখানার মধ্যে ৩৫০টিই আশুলিয়ায়। এতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪২৫ ঘ.
bdnews24