বাগেরহাট/পিরোজপুর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে এক রিকশাভ্যান আরোহীসহ দইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ বাসযাত্রী।
মোড়েলগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১০টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের হোগলাপাশায় সাধুরব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের বাসটি সাধুরব্রিজে পৌঁছে একটি রিকশাকে পাশ কাটাতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ওই রিকশার ওপরই উল্টে পড়ে।
এতে রিকশার আরোহী দীনেশ মণ্ডল ও বাস চালকের সহকারী হামিদুল ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।
বাসের ৩০ যাত্রীকে আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পিরোজপুর সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৫৫ ঘ.
bdnews24