সিলেট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানিগঞ্জে সেতু ভেঙে খালে তলিয়ে যাওয়া ট্রাকের নিচ থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুুরি দল ও পুলিশ ট্রাক চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করে।
এরা হলেন ট্রাক চালক জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের মনির হোসেন এবং সহকারী একই উপজেলার চারিকাটা গ্রামের আনোয়ার মিয়া।
কোম্পানিগঞ্জ থানার ওসি নন্দন কুমার ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেট থেকে আনা ছোট একটি ক্রেন এনে ট্রাকটি সামান্য সরিয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি এখনো উঠানো হয়নি।
চট্টগ্রাম থেকে ক্রেন এখনো এসে পৌঁছেনি বলেও তিনি জানান।
এর আগে বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা লাশের সন্ধান পাওয়ার কথা জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল কুন্ডু।
তিনি জানান, “ট্রাক তুলতে ভারি কোনো ক্রেন না থাকায় ট্রাকের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
শুক্রবার রাত ৯টার দিকে ওই সেতু ভেঙে পাথবোঝাই ছয়টি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে যায়। রাতে উদ্ধার অভিযানে একজনের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এরই মধ্যে আব্দুল হক (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
এর আগে সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন লাশ দুটি ট্রাক চালক ও সহকারীর কিনা তা নিশ্চিত করতে পারেননি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাতের পর রোববার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে তল্লাশি চালায়। বেলা ৩টার দিকে তারা ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় দুটি লাশ শনাক্ত করেন।
এদিকে খালে পড়ে যাওয়া যানবাহন উদ্ধারে চট্টগ্রাম থেকে আনা হচ্ছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ক্রেন পৌঁছালে গাড়িগুলোর উদ্ধার তৎপরতা শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/ডিডি/২২৩৫ ঘ.
bdnews24