২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় চিকিৎসককে মারধর: হাসপাতালে কর্মবিরতি

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধরের প্রতিবাদে সোমবার থেকে জেলার সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

বগুড়া, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধরের প্রতিবাদে সোমবার থেকে জেলার সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জরুরি বিভাগ খোলা থাকবে বলে জানানো হয়। বিএমএ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার রাতে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর স্বজনরা দু’জন চিকিৎসককে মারধর করে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ ঘটনায় বিএমএ জেলা কমিটি এক বৈঠকে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু আসামি গ্রেপ্তার না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত হয়। বিএমএ সম্পাদক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে সোনাতলা সদরের মাসুদ রানা (২০) নামে এক যুবক আত্মহত্যার জন্য অ্যারোসোল পান করেন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুস সাকিব অবস্থা পর্যবেক্ষণ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠাতে বলেন। রোগীকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্বজনরা হাসপাতালের দুই চিকিসকসহ মারধর করে। আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচির দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি। এ ব্যাপারে সোনাতলা থানার ওসি একেএম খালেকুজ্জামান বলেন, যে চার জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে তারা ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.