ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি না বাড়িয়ে কারখানা বন্ধের সিদ্ধান্তে পোশাক শিল্পে চলমান অস্থিরতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে শ্রমিকদের একটি সংগঠন।
রোববার সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদে নেতারা এ আশঙ্কা প্রকাশ করেন।
সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “প্রধান দাবি মজুরি বৃদ্ধির দিকে মনোযোগ না দিয়ে আশুলিয়া এলাকার সব কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি।
“বিজিএমইএ ও বিকেএমইএর এ সিদ্ধান্তের ফলে শ্রমিক অসন্তোষ না কমে বরং তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে আমাদের আশঙ্কা।”
বেতন বাড়ানোর দাবিতে গত সোমবার থেকে এই শিল্পাঞ্চলে বিক্ষোভ-ভাঙচুর ও সড়ক অবরোধ করছে শ্রমিকরা।
সরকার, কারখানা মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক থেকে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলেও অস্থিরতা থামেনি।
শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাতের পর আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। পাশাপাশি অস্থিরতা চলতে থাকলে সারা দেশের পোশাক কারখানা বন্ধেরও হুমকি দেয় তারা।
মাহবুবুর রহমান ইসমাইল জানান, দেশের মোট সাড়ে তিন হাজার পোশাক কারখানার মধ্যে সাড়ে তিনশ’ আশুলিয়ায়। এখানে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ শ্রমিক কাজ করছে।
ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত সংগ্রাম পরিষদের সদস্যসচিব হারুণ অর রশীদ মাহমুদ বলে, “ত্রিপক্ষীয় বৈঠকে শুধু হা-মীম গ্রুপের শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিলো। অন্য কারখানার শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মহার্ঘ্য ভাতার কোনো আশ্বাস সেখানে দেওয়া হয়নি। তাই মন্ত্রীর বক্তব্য শ্রমিকরা মেনে নেয়নি।”
“তখন আমরা বলেছিলাম, মজুরি না বাড়িয়ে শান্ত থাকার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানালে কাজ হবে না।”
তিনি বলেন, “বেতন বাড়ানোর প্রসঙ্গে মালিকরা বলছেন যে, দুই বছর আগেই যেখানে বেতন বাড়ানো হয়েছে সেখানে এই মুহূর্তে তা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তারা এটা বিবেচনা করছেন না যে, এই দুই বছরে দ্রব্যমূল্য কতখানি বেড়েছে। এই দুই বছরে ডলারের দাম বেড়েছে ৮ শতাংশ আর চালের দাম বেড়েছে ৫০ শতাংশ।”
“এমনকি ইপিজেড’র বাইরে ন্যূনতম ৪৩ ডলার মজুরি দিলেও একজন শ্রমিক মাসে ৩৬০০ টাকা পায়। মালিকরা ডলারে ব্যবসা করবেন আর বেতন দেবেন টাকায় এটা কেমন কথা?”
তাই অসন্তোষ দূর করতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে সর্বনি¤œ মজুরি সাত হাজার টাকা নির্ধারণ এবং তার আগ পর্যন্ত ৫০ শতাংশ আপদকালীন মহার্ঘ্য ভাতা চালুসহ অবিলম্বে সব কারখানা খুলে দেওয়ার দাবি জানান তিনি।
এছাড়া মালিক-শ্রমিকের সহজ সম্পর্ক সৃষ্টি এবং শ্রমিকদের দাবি-দাওয়া সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
এসব দাবি আদায়ে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী ২০ জুন শ্রম মন্ত্রণালয়ে, ২৪ জুন নারায়ণগঞ্জ বিকেএমইএ দপ্তরে এবং ২৬ জুন বিজিএমইএ কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান পরিষদের সদস্য এবং জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহরাইন সুলতান বাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/১৯৪১ ঘ.
bdnews24