ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচিতিমূলক ভ্রমণে জাপান, জার্মানি ও স্পেনের ১৫ জন সাংবাদিক, সাংস্কৃতিক ও পর্যটন ব্যক্তিত্ব বাংলাদেশে এসেছেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আমন্ত্রণে গত ১৬ জুন আটদিনের জন্য এরা বাংলাদেশ আসেন। আগামী ২৩ জুন পর্যন্ত তারা এখানে থাকবেন। বোর্ডের পক্ষ থেকে এবারই প্রথম এ ধরনের আয়োজন করা হয়েছে বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকায় আসা জাপান, জার্মান ও স্পেনের এসব ব্যক্তির মধ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, ফটোসাংবাদিক, ভ্রমণকাহিনী লেখক, তথ্যচিত্র নির্মাতা ও ট্যুর অপারেটর সংস্থার প্রতিনিধি রয়েছেন।
আটদিনের এ ভ্রমণে তারা ঢাকা ও ঢাকার বাইরে দেশের তিনটি ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধ বিহার, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমণে যাবেন।
এসব ঐতিহ্যবাহী স্থান দেখানোর সময় তাদের বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, খাবার, জীবনযাত্রা, উৎসব, পুরাকীর্তি, ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য ও বাংলাদেশিদের আতিথেয়তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়।
দেশের পর্যটনের প্রসারে বছরব্যাপী পর্যটন বিপণন কার্যক্রম ‘ভিজিট বাংলাদেশ’ প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এ ভ্রমণের আয়োজন করেছে।
এতে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের গণমাধ্যমে বাংলাদেশের ওপর সংবাদ, সংবাদ পর্যালোচনা ও তথ্যচিত্র প্রচার করবেন যা দেশের পর্যটন বাজার স¤প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরো বলা হয়, ভ্রমণের পাশাপাশি বিদেশি এসব অতিথি দেশের সাংবাদিকসহ পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী ২২ জুন ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে তারা এ মতবিনিময় ও ভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/১৯৩৮ ঘ.
bdnews24