২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আবার মন্দিরে ভাংচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি মন্দিরে আবার ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

মাদারীপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় একটি মন্দিরে আবার ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে পাঁচ্চর গোয়ালকান্দা দাসপাড়া সার্বজনীন মন্দিরে পূজা দিতে গিয়ে ছয়টি প্রতিমা ভাঙা দেখতে পান পূজারীরা। ভাংচুর করা মূর্তির মধ্যে রয়েছে রাধা-কৃষ্ণ, মহাদেব, গৌর নিতাই ও শ্যামা কালী। দুই মাস আগেও এই মন্দিরে ভাংচুর চালিয়েছিল দুর্বৃত্তরা। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।” শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা ভেঙ্গেছে সেটা মন্দির কর্তৃপক্ষ নির্দিষ্ট করে বলতে না পারায় মন্দিরের সভাপতি গোপাল দাস একটি সাধারণ ডায়েরি করেছেন।” “প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি। পাঁচ্চর গোয়ালকান্দা দাসপাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি গোপাল দাস সাংবাদিকদের বলেন, শনিবার রাতে মন্দিরের জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। তাই কেউ বিষয়টি টের পায়নি। শিবচর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি কমল কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৬ এপ্রিল এই মন্দিরের শীতলা প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। এবার ছয়টি প্রতিমা ভাংচুর করা হয়েছে। পাঁচ্চর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দু’মাসের ব্যবধানে প্রতিমা ভাংচুরের ঘটনায় আমরা উদ্বিগ্ন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০০ ঘ.