ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চকবাজারে শত বছরের পুরনো মুন্সিপুকুর দখল, মাটি ভরাট ও ভবন নির্মাণের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহম্মদের আদালত এই আদেশ দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।
বন্দরনগরীর চকবাজার এলাকার ঐতিহ্যবাহী এ পুকুরটি অবৈধ দখল, মাটি ভরাট এবং ভবন নির্মাণের উদ্যোগের বিষয়ে পরিবেশবাদীদের আন্দোলনের খবর গণমাধ্যমে প্রকাশের পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দীকি ও একলাস উদ্দীন ভূঁইঞা একটি রিট আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিন মাসের এই স্থগিতাদেশ দেয়।
রিট আবেদনে বিবাদি করা হয়েছে- পরিবেশ সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পাঁচলাইশ থানার ওসিকে।
ওই পুকুরে মাটি ভরাট, ভবন নির্মাণ চেষ্টা ও দখলকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ঐতিহ্যবাহী পুকুরটি সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে বিবাদিদের আদেশ দিয়েছে আদালত। এ জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ।
মনজিল মোরসেদ বলেন, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুসারে কোনো পুকুর ভরাট করা বেআইনি। তা সত্ত্বেও কতিপয় স্বার্থান্বেষী মহল বেআইনিভাবে দখল ও ভরাটের উদ্যোগ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরআরডি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24