২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যশস্য ব্যবসায়ীদের সনদ নবায়ন ৩০ জুনের মধ্যে

আগামী ৩০ জুনের মধ্যে নবায়ন না করলে খাদ্যশস্য ব্যবসায়ী, আমদানিকারক, বিক্রেতা ও ডিলারদের জন্য ইস্যু করা সনদ (লাইসেন্স) বাতিল হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:01 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩০ জুনের মধ্যে নবায়ন না করলে খাদ্যশস্য ব্যবসায়ী, আমদানিকারক, বিক্রেতা ও ডিলারদের জন্য ইস্যু করা সনদ (লাইসেন্স) বাতিল হয়ে যাবে। খাদ্য বিভাগের ঢাকা রেশনিং কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ ব্যাপারে গত বৃহস্পতিবার একটি নোটিশ জারি করা হয়েছে। ঢাকা রেশনিং কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক সুকুমার চন্দ্র রায় স্বাক্ষরিত এ নোটিশটি ইতোমধ্যে বিভিন্ন বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। নোটিশে বলা হয়, ব্যবসায়ী, আমদানিকারক ও ডিলারদের নামে এক বছরের জন্য ইস্যু করা খাদ্যশস্যের সনদের মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এরপরই এসব সনদ মেয়াদ উত্তীর্ণ বলে গণ্য হবে। ওই তারিখের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে এসব সনদ আরো এক বছরের জন্য নবায়ন করা যাবে। এ সময়ের মধ্যে নবায়ন না করা সনদগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এক বছর মেয়াদে সনদ নবায়নের জন্য আমদানিকারকদের পাঁচ হাজার টাকা, পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের দুই হাজার ৫০০ টাকা, খুচরা ব্যবসায়ীদের ৫০০ টাকা এবং ট্রাকে করে ওএমএস ও ন্যায্যমূল্যের ওএমএস কার্যক্রমের জন্য ৩০০ টাকা করে ফি দিতে হবে। নতুন সনদের জন্য আমদানিকারকদের ১০ হাজার টাকা, পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের পাঁচ হাজার টাকা, খুচরা ব্যবসায়ীদের এক হাজার টাকা এবং ট্রাকে করে ওএমএস ও ন্যায্যমূল্যের ওএমএস কার্যক্রমের জন্য ৬০০ টাকা করে ফি দিতে হয়। খাদ্য ব্যবসায়ীদের যেসব ক্ষেত্রে সনদ নিতে হবে, তা হলো- খাদ্যশস্য ও খাদ্য সামগ্রী আমদানি, পাইকারী ব্যবসায় ও আড়তদারি, খুচরা ব্যবসায়, মেজর ও কম্প্যাক্ট ময়দাকল, রোলার ময়দাকল, আটা-চাক্কি, অটোমেটিক চালকল, মেজর চালকল, হাস্কিং চালকল এবং ওএমএস ডিলার। খাদ্য বিভাগের হিসেবে, সারাদেশে বর্তমানে প্রায় পাঁচ লাখ ব্যবসায়ী খাদ্য ব্যবসায় সংশ্লিষ্ট রয়েছেন। তবে গত মে পর্যন্ত মাত্র ৪০ হাজার খাদ্য ব্যবসায়ী খাদ্যশস্যের সনদ নিয়েছেন। দেশের বর্তমান মজুদ বিরোধী আইনে খাদ্য ব্যবসায়ীদের সনদ নেওয়া বাধ্যতামূলক। ওই আইনের আলোকেই গত বছরের অক্টোবর মাস সনদ ইস্যু করা শুরু হয়। এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। খাদ্য বিভাগ ১০ ক্যাটাগরির খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন সনদ নেওয়া আবশ্যিক করছে। রাজধানী থেকে উপজেলা পর্যায়ের এসব খাদ্য ব্যবসায়ীকে অবশ্যই সনদ নিতে হবে। খাদ্য অধিদপ্তরের পরিচালক আব্দুল হালিম বলেছেন, গত মাস থেকে সনদ নেওয়ার ক্ষেত্রে গতি এসেছে। চাকতি আটাকলের মালিকরাও সনদ নিচ্ছেন। খাদ্য নিয়ে ব্যবসায় করতে হলে সবাইকেই সনদ নিতে হবে। কেউই এ থেকে বাদ পড়বে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৮০৪ ঘ.