মিন্টু চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে গত তিন দিনে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবিা ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
নাফ নদীর বাংলাদেশ সীমান্তে জেলেদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। তবে বন্ধ রয়েছে টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম।
বিজিবি কর্মকর্তা জাহিদ বলেন, “সীমান্তে পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। সীমান্তের ওপারে মিয়ানমারের দাঙ্গা কবলিত এলাকাতেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে শুনেছি।”
গত তিন দিনে টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গারা অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টা করেনি জানিয়ে তিনি বলেন, এর আগে আটক করা ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
গত সপ্তাহে মিয়ানমাওে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা বাঁধলে সংখ্যালঘু রোহিঙ্গারা দেশ ছেড়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়।
তবে গত দুই দশকে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে চাপে থাকা বাংলাদেশ এবার অনুপ্রবেশে বাধা দেয়। সীমান্ত এলাকায় পাহারা জোরদার করা হয়।
বিজিবি’র হিসেবে, মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর থেকে টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকারী ৭২৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে ১৩ জন বাদে অন্যদের ফেরত পাঠানো হয়েছে। বাকি ১৩ জনকেও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর বাইরে কোস্টগার্ড সদস্যরা ৪৪ জনকে আটক করেছিল, যাদের ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া মিয়ানমারের ঘটনার পর নাফ নদীর টেকনাফ সীমান্ত অংশে জেলেদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শনিবার থেকে শিথিল করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদ বলেন, “নাফ নদীতে মাছ ধরার সাময়িক নিষেধাজ্ঞা কিছু বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে তুলে নেওয়া হচ্ছে। জেলে নৌকাগুলো যাতে অনুপ্রবেশ চেষ্টাকারী রোহিঙ্গাদের বহন করে নিয়ে আনতে না পারে সেদিকে কঠোর নজরদারি থাকবে।”
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়ানের পক্ষ থেকে মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী নাসাকাকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিজিবি কর্মকর্তা জাহিদ বলেন, গত ১৩ জুন এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানের উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাদের পক্ষ থেকে এখনো দিন ঠিক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24